গাদিরে খুম- সৌপর্ণ মাছুমের কবিতা

দশম হিজরি এহরাম পরে নূরনবি পদব্রজে

শত-সহস্র সাহাবি নিয়ে মক্কায় এলেন হজে ।

দুই কম কুড়ি জিলহজ চাঁদে হজ করে সমাপন

মহাসমারোহে ফিরছেন নবি সাথে সাহাবি-স্বজন ।

জ্হুফার কাছে গাদিরে খুমে পৌঁছালে মহারথে

ওহি এল কাছে “হে রাসূল তোমার পালনকর্তা হতে

তোমার প্রতি যা নাজিল হয়েছে, সকলের কাছে তা

পৌঁছায়ে দাও; না হলে খোদার বাণী পৌঁছালে না ।”

 

থামালেন নবি সব কাফেলা নির্দেশ আসমানি

সমবেত হ’ল সাহাবি সকল শুনতে নবির বাণী ।

পঞ্চতরুছায়াঘেরাতল চাঁদোয়া শোভিত হ’ল

রৌদ্রোজ্জ্বল দ্বিপ্রহরে ধড়ে যেন প্রাণ এল !

সেই তপ্ত মরুতে বেলাল আজানে দিলেন ডাক

নিয়ে সাহাবি জোহর-সালাত পড়ালেন নবিপাক ।

উটের জিনকে মঞ্চ বানায়ে তাতে চড়িলেন নবি

সাহাবা-কেরাম নীরব শ্রোতা, ভাষক মরুর কবি !

 

“সব প্রশংসা এক আল্লার যিনি আমাদের রব

এনেছি ঈমান তাঁর উপরে, আমরা করি যাঁর স্তব।

তাঁর কাছেতেই চাই সাহায্য যিনি পতিতের-পাবন

বিপথগামীদের করেন যিনি সৎপথে পরিচালন ।

সাক্ষ্য আমি দিচ্ছি আজি, তোমরা সবাই শোনো

আল্লাহ্ ছাড়া মহাবিশ্বে উপাস্য নাই কোনো !

মুহাম্মদ তাঁর পেয়ারা নবি, হাবিব নামে যে খ্যাত ;

দয়াময় খোদা মহাজ্ঞানী তিনি করেছেন আমায় জ্ঞাত।

অতি শীঘ্রই তোমাদের ছেড়ে প্রভুর সন্নিকটে

চলে যাব আমি; কাটবে সুদিন বিচ্ছেদ-সংকটে !

তোমাদের নিকট রেখে যাচ্ছি দুটি বস্তুর ভার

মদীয় পূত ‘আহলে বাইত’ আর কোরান আল্লার !

দ্বৈত এ রথ যদি আঁকড়ে ধর, পূর্ণ সমর্পণে

হবে নাতো কভু পথভ্রষ্ট , থাকিলে দৃঢ়পণে !”

 

এরপর নবি দৃঢ়চিত্তে আসাদুল্লার হাত

ঊর্ধ্বে তুলিয়া উচ্চে দিলেন ‘এলানে মাওলাইয়াত’

“আওলা ও মাওলা আমি হই যার, যে যেখানেই থাকো

আলীও মাওলা আজ থেকে তার সকলে জানিয়া রাখ।”

 

এই বলে নবি করিলেন দোয়া “হে খোদা মেহেরবান

আলীকে যে করে সাহায্য, তারে দিও জাযা-এহ্ছান !

যার বন্ধু আলী পাক হবে, তাহাকে বন্ধুরূপে

স্রহণ করিও ; করুণাধারায় সিক্ত করিও চুপে !

শত্রুতা যদি কেউ করে জেনে, হইও শত্রু তার

লাঞ্ছনা দিলে তুমি তারে দিও, শত লাঞ্ছনা-হার!

রিসালাতি-দায়মুক্ত হলাম ; প্রভুর মেহেরবানি,

পৌঁছায়ে দিও সকলের কাছে আজিকার সব বাণী ।”

 

মাহেন্দ্র সে ক্ষণে গাদিরখুমে আসিল জিব্রাঈল

সুরা মায়েদার তৃতীয় আয়াত প্রভুজি করিল নাজিল ।

“পরিপূর্ণ করিলাম দ্বীন, হবে না তা আর ক্ষুণ্ণ

তোমাদের প্রতি স্বীয় নেয়ামতও করিলাম সম্পূর্ণ !

আজ হতে আমি প্রসন্নচিত্তে এই ঘোষণা দিলাম

তোমাদের কাছে আমার সবিশেষ মনোনীত দ্বীনিসলাম !”

 

ওহি পেয়ে নবি বলে শুকরিয়ায় ”আল্লাহু আকবার

পূর্ণতা দিলেন দ্বীনকে যিনি সহস্র কৃপা তাঁর !

আমার কর্ম-রিসালাতে যেমন তুষ্ট আল্লাজি

আসাদুল্লার মাওলাইয়াতেও আল্লা তেমন রাজি !”

আবু বক্কর, উমার ফারুক সব শুনে বলে, “ভাই

‘আবু তালেবের সন্তান’ তোমায় মোবারকবাদ জানাই ।

আজ হতে তুমি আমাদেরি কেবল মাওলা-ইমাম নও

মুমিন নর ও নারীদেরও তুমি মওলা-এ হক হও!”

অতঃপর সবে মহোৎসবে একে একে কাছে এসে

‘খোশ আমদেদ’ জানাল তোমায়, হাসিমুখে ভালবেসে !

 

সকল নবিরই ওয়াসী ছিল, যাঁরা ছিল নবিদের জুড়ি

আলী ছিল নবির ওয়াসী-খলিফা, ভ্রাতা-উত্তরসূরি ।

মুসার নিকটে হারুনের যেমন গৌরব অমলিন

মহাবীর আলী নবির নিকটে সে মর্যদায় আসীন ।

হারুনের সাথে নাফসুল্লার কেবলি তফাত এই

তিনি ছিল নবি, মুহাম্মদের পরে আর নবি নেই ।

আল্লার কাছে রাসুলে পাকের যেমন মর্যাদা

নবিজির কাছে আলী তেমনি মাক্কি শাহজাদা !

আহমদ নবি সাবধানকারী, এল যে মানববেশে

খোদা-সন্ধানী খুঁজে পাবে পথ তোমার মাঝেতে এসে।

নবিজির পর সাহাবা কেরাম পড়িলে দ্বন্দ্ব-দ্বিধায়

তুমি দিলে তার বিশদ ব্যাখ্যা স্বকীয় সুপ্রজ্ঞায় ।

জ্ঞানের শহর আহমদ নবি, সেই নগরীর দ্বার

মুশকিল কুশা মওলা আলী মুরতজা হায়দার ।

 

 

সিফাতি নূরের দুই অংশ, নবি ও মওলা আলী

সব কিতাবের জ্ঞানসুধা তাঁরে দিয়েছেন প্রভু ঢালি !

নূরনবি তোমায় আপন ছাঁচে গড়েছেন নিজ হাতে

তুমি হলে তাই সবাক কোরান, আছ কোরানের সাথে ।

এই উম্মাতের হুজ্জাত তুমি, হে সিদ্দিকে আকবর

এবাদত হয় তোমার পানেতে তাকালে খোশ-নজর !

যে দিক পানেই ঘুরিবে তুমি, হে সত্যের নিরিখ

সত্য ও ন্যায় কম্পাস-সম ঘুরিবে তোমার দিক !

ভালোবাসে যারা আল্লা ও রাসুল, করে আমলে সালিহা

তারাই খোদার সন্তোষভাজন, মুমিন হিজবুল্লাহ !

সেই মুমিনেরে আপন হস্তে সুধা-কাওসার আনি

পিয়াইবে তুমি রোজ কিয়ামতে, রাসুলে পাকের বাণী ।

সেনাপতি ছিলে সব সমরে বিজয় কেতনধারী

স্বর্গ ও নরক কে পাবে না পাবে, তুমি বন্টনকারী ।

পুত্রের উপর বেশি অধিকার যেমন জন্মদাতার

মুসলমানের উপর তোমারও তদ্রূপ অধিকার ।

নবি ও খোদার বন্ধু সে; যার সখ্যতা হলো তৈরি

তোমার সাথে- যার অমিত্র ভাব সে রাসুল-আল্লার বৈরী !

যারা করে ঘৃণা, বিদ্বেষপোষণ আসাদুল্লার প্রতি

চিনে নিও তারা মুনাফিক খাঁটি, ইসলাম-চ্যুত মতি !

 

আরো পড়ুন- শবে মেরাজের কবিতা

padmin

Ahosan Habibi is an educational content creator, researcher, and digital strategist focused on helping learners and professionals grow smarter in the modern world. He writes practical, well-researched content on English writing, Study hacks, Technology & AI, Career development, Skill building, Cybersecurity, Digital marketing, Personal finance, Job preparation, and Study abroad guidance.
Back to top button